শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন
রবিবার, ১৭ মে, ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদ এবং চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে পাবনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) দুপুরে পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ) এবং পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিটি পরিচালনা করেন ড্যাব পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান। এতে বক্তব্য দেন গাইনি চিকিৎসক ডা. শামীম খাতুন পলি, আইডিএ পাবনা জেলা সভাপতি ডা. তামিম ইসলাম, সাধারণ সম্পাদক ডা. তানিয়া তাজনিম, এবং পাবনা মেডিকেল কলেজ ছাত্রদল শাখার সভাপতি সাগর মাহমুদ ও সাধারণ সম্পাদক হাবিবুল শুভসহ অনেকে।
বক্তারা ডা. নাসিরের ওপর হামলার দ্রুত বিচার এবং চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, একজন রোগীকে বাঁচাতে চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা করেন, অথচ বর্তমানে কর্মস্থলে চিকিৎসকরাই সবচেয়ে বেশি অনিরাপদ অবস্থায় রয়েছেন। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. সিরাজুল আলম রাকিব, ডা. শামসুল আলম মালিথা, ডা. হাসানুজ্জামান টুটুল এবং ডা. ফাহমিদুল হাসান নুরসহ অনেকে।
১৪৫ বার পড়া হয়েছে