সর্বশেষ

সারাদেশ

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ মৌসুম শুরু, ফরমালিন মেশালে কঠোর ব্যবস্থা

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের আম সংগ্রহ কার্যক্রম। আজ বুধবার (১৩ মে) শহরের মহলদার আম্রকানন বাগানে মৌসুমের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

উদ্বোধনের আগে তিনি বাগান পরিদর্শন করে আমের গুণগত মান নিশ্চিত করা এবং রাসায়নিকমুক্ত আম বাজারজাতের বিষয়টি খতিয়ে দেখেন। পরে গাছ থেকে আম পেরে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে জেলা আম ব্যবসায়ী ও আম বাগান মালিক সমিতি।

চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় মোট ২ হাজার ২০৩ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। এ বছর জেলায় প্রায় ৩০ হাজার ৮৪২ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আম ক্যালেন্ডার অনুযায়ী ১৩ মে থেকে আটি, গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম সংগ্রহের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২০ মে হিমসাগর, ২৫ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি, ২০ জুন হাড়িভাঙা, ২২ জুন ব্যানানা, ৩০ জুন আশ্বিনা ও বারি-৪, ৫ জুলাই কাটিমন এবং ৩১ জুলাই থেকে গৌড়মতি আম সংগ্রহ শুরু হবে।

অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, “ফলের রাজা আম। কোনো অবস্থাতেই অপরিপক্ব আম বাগান থেকে সংগ্রহ করা যাবে না। কৃষি বিভাগ এ বিষয়ে কঠোর নজরদারি করবে। পরিপক্ব ও নিরাপদ আম যাতে বাজারে আসে এবং রাসায়নিকমুক্ত আম বিক্রি নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে কৃষি বিভাগ কাজ করছে। এ বছরও জেলার উৎপাদিত আম দেশের চাহিদা পূরণে সক্ষম হবে।”

উদ্বোধন শেষে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অবশ্যই বাগান মালিক ও ব্যবসায়ীদের অনুসরণ করতে হবে। ক্যালেন্ডারের ব্যত্যয় ঘটালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমে কোনো ধরনের রাসায়নিক বা ফরমালিন মেশানোর প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত বাজার তদারকি করবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষ্ণ রায়, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, আম চাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, সহ-সভাপতি আব্দুল করিমসহ স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন