একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন
বুধবার, ১৩ মে, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্পসহ মোট ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকা। এর মধ্যে পদ্মা ব্যারাজ প্রকল্পের (প্রথম পর্যায়) ব্যয় একাই ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা।
আজ বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত ৯টি প্রকল্পের মধ্যে ৩টি নতুন প্রকল্প, ৫টি সংশোধিত প্রকল্প এবং ১টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প।
স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জেলা শহরে বিদ্যমান মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উন্নীতকরণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ (৩য় সংশোধিত) প্রকল্প, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সরকারি শিশু পরিবার ও ছোটমনি নিবাস নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্পও তালিকায় রয়েছে।
এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সংকট নিরসনে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা হতে সাগরিকা) (৫ম সংশোধিত) প্রকল্প এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের পদ্মা ব্যারাজ (১ম পর্যায়) প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতায় ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া হতে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্পও অনুমোদিত হয়েছে।
এছাড়া পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতোমধ্যে ৫০ কোটি টাকার কম ব্যয়ের দুটি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়।
১৩৪ বার পড়া হয়েছে