ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা, টঙ্গীবাড়ীতে সমালোচনা
সোমবার, ১১ মে, ২০২৬ ২:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী উচ্চ বিদ্যালয় মাঠে কোরবানির পশুর অস্থায়ী হাট বসানো নিয়ে আগাম প্রচারণাকে কেন্দ্র করে এলাকায় বিতর্ক সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো হাট ইজারা বা অনুমোদনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও স্থানীয়ভাবে ব্যানার-ফেস্টুন টানিয়ে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, হাসাইল বানারী উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাট পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে এলাকায় প্রচার চালানো হচ্ছে। প্রচারিত তালিকায় স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ জামান অ্যাপোলো, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ানসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
তবে উপজেলা প্রশাসনের দাবি, এখন পর্যন্ত ওই হাটের ইজারা বা অনুমোদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ থেকে হাট পরিচালনার প্রচারণা চালানো নিয়মবহির্ভূত।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের অভিযোগ, প্রশাসনের অনুমোদন ছাড়াই আগাম প্রচারণা চালানোয় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তারা এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ জামান অ্যাপোলো বলেন, “স্থানীয়দের মধ্যে হাট হবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। তাই হাট অনুষ্ঠিত হবে—এটি নিশ্চিত করতেই প্রচারণা চালানো হয়েছে।”
এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, “কোরবানির পশুর অস্থায়ী হাট ইজারা সংক্রান্ত বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারি অনুমোদনের আগেই এ ধরনের প্রচারণা চালানো অবৈধ। বিষয়টি খতিয়ে দেখা হবে।”
১২৩ বার পড়া হয়েছে