ড্রেন দখল করে ভবন নির্মাণ: ময়মনসিংহে সিটি করপোরেশনের অভিযান
সোমবার, ১১ মে, ২০২৬ ২:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ নগরীতে ড্রেনের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। সোমবার (১১ মে) সকালে নগরীর নতুন বাজার এলাকার কালিশঙ্কর গ্রহ রোডে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভবন মালিকরা নিজেদের ভুল স্বীকার করে নিজ খরচে ড্রেন পুনর্নির্মাণের আশ্বাস দেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, অনুমোদিত নকশা অমান্য করে নির্মিত বিভিন্ন স্থাপনা অপসারণে একাধিক ভবন মালিককে নোটিশ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নতুন বাজার এলাকার ইউনাইটেড বিল্ডার্স ও মিষ্টিকানন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগ রয়েছে, ভবন দুটি ড্রেনের নির্ধারিত জায়গা না রেখে নির্মাণ করা হয়েছে। এছাড়া ইউনাইটেড গার্ডেন সিটি ভবনের বেইজমেন্ট পার্কিং বাণিজ্যিক কাজে ব্যবহার করে দোকান ভাড়া দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠে।
এ ঘটনায় নতুন বাজারের ইউনাইটেড গার্ডেন সিটি এবং রামবাবু রোডের ইউনাইটেড বিল্ডার্স ভবনের সামনে নোটিশ টানিয়ে দেয় সিটি করপোরেশন। নোটিশে অবৈধ অংশ অপসারণ এবং পার্কিং স্থান বাণিজ্যিকভাবে ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, পার্কিংয়ের জায়গা দখল করে দোকান বসানোর কারণে সড়কে যানবাহন দাঁড় করাতে হচ্ছে। এতে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ড্রেন সংকুচিত হয়ে পড়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে এবং জলাবদ্ধতার ঝুঁকি বাড়ছে।
সোমবার সকালে সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সরু হয়ে যাওয়া ড্রেন পরিদর্শন করা হয়। পরে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ড্রেন পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হয়।
অভিযানকালে প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, “নগরীতে অপরিকল্পিত ভবন নির্মাণের কারণে ড্রেনেজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে ড্রেনগুলো সচল রাখতে নিয়মবহির্ভূত স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করা, ফুটপাত ও খেলার মাঠ দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনে সিটি করপোরেশন ধারাবাহিকভাবে কাজ করছে। নগরের অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
অভিযানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী জহুরুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২১ বার পড়া হয়েছে