সর্বশেষ

সারাদেশ

৫৪ বছর পর ঘরে ফিরলেন হারিয়ে যাওয়া জেলে

আবদুর রহিম, নোয়াখালী
আবদুর রহিম, নোয়াখালী

রবিবার, ১০ মে, ২০২৬ ৯:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীর হাতিয়া উপজেলা এলাকায় ৫৪ বছর আগে সাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া এক জেলে হঠাৎ ফিরে আসায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃত ভেবে যাকে পরিবার দীর্ঘদিন আগে হারিয়ে ফেলেছিল, সেই ছৈয়দ আহাম্মদ (৮৩) বৃদ্ধ বয়সে ফিরে পেয়েছেন নিজের পরিবার ও ভিটেমাটি।

জানা গেছে, প্রায় পাঁচ দশক আগে কুতুবদিয়া উপকূলে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির পর নিখোঁজ হন ছৈয়দ আহাম্মদ। দীর্ঘ সময় তার কোনো সন্ধান না পাওয়ায় স্বজনরা ধরে নেন তিনি মারা গেছেন। পরে পরিবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে যায়।

পরিবারের সদস্যদের দাবি, দুর্ঘটনার পর কোনোভাবে তিনি ভারতে চলে যান এবং সেখানে বিভিন্ন এলাকায় ও ধর্মীয় প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাটান। সম্প্রতি ভারতের হাওড়া স্টেশন এলাকায় ছিনতাইয়ের শিকার হলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে উদ্ধার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

গত মঙ্গলবার হাতিয়া পৌরসভার পাঁচবিঘা গ্রামের নিজ বাড়িতে ফেরেন ছৈয়দ আহাম্মদ। প্রথমে অনেকেই তাকে চিনতে না পারলেও পরে আত্মীয়স্বজন ও স্থানীয় প্রবীণরা তার পরিচয় নিশ্চিত করেন। খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে বাড়িতে ভিড় করেন উৎসুক মানুষ।

তবে বৃদ্ধের ফিরে আসাকে কেন্দ্র করে পরিবারে নতুন জটিলতাও দেখা দিয়েছে। তার ছেলে মো. আকরাম হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কয়েকজন আত্মীয় তার বাবাকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছেন এবং পারিবারিক সম্পদ নিয়েও আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে হাতিয়া থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, বিষয়টি লিখিতভাবে পুলিশকে জানানো হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন