আশাশুনির দরগাহপুর এসএসসি কেন্দ্রের তিন কর্মকর্তার অব্যাহতি
বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ ৮:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার ও পরীক্ষা কমিটির এক সদস্যকে পরবর্তী সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ৫ মে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পনি/পিএ-১২২৭ নং স্মারকের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
বোর্ড সূত্রে জানা যায়, দরগাপুর-২৫৯ (দরগাপুর এস.কে.আর.এস মাধ্যমিক বিদ্যালয়) কেন্দ্রে বিধিবহির্ভূতভাবে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নন—এমন ব্যক্তিদের অবাধে প্রবেশের সুযোগ দেওয়া হয়। এছাড়া পছন্দমতো শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব দিয়ে সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের ছেলেকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে।
এছাড়া ট্যাগ অফিসার পরীক্ষা কক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের উত্তরপত্র কেড়ে নিয়ে ৩০ থেকে ৪০ মিনিট আটকে রাখেন এবং ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন বলেও অভিযোগ রয়েছে। অন্যদিকে পরীক্ষা কমিটির সদস্য ও সহকারী শিক্ষক রাখিদুল ইসলাম প্রশ্নপত্র বাইরে নিয়ে সমাধানের চেষ্টা করার সময় ভিজিল্যান্স টিমের হাতে ধরা পড়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ে কেন্দ্র সচিব গৌরপদ মণ্ডল, ট্যাগ অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঝংকর ঢালী এবং পরীক্ষা কমিটির সদস্য শেখ রাখিদুল ইসলামকে পরবর্তী সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক, জ্যেষ্ঠ শিক্ষক বা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
পরবর্তীতে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু বোর্ডের নির্দেশনা অনুযায়ী ৬ মে ৪৯২ নম্বর স্মারকের মাধ্যমে ওই তিনজনকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে সহকারী অধ্যাপক জি এম আনোয়ারুল ইসলামকে নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
১২২ বার পড়া হয়েছে