ফতুল্লায় হাতকড়াসহ ৩ আসামিকে ছিনিয়ে নিলো সন্ত্রাসীরা
বুধবার, ৬ মে, ২০২৬ ১:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় তিন চাঁদাবাজকে তাদের সহযোগীরা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৬ মে) দুপুরে পশ্চিম দেওভোগের হাশেম বাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, হাশেম বাগ এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবলের নির্মাণাধীন বাড়িতে দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসীচক্র মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে বুধবার দুপুরে ওই চক্রটি নির্মাণাধীন বাড়িতে হামলা চালায় এবং নির্মাণসামগ্রীসহ বিভিন্ন মালামাল লুট করে একটি ভ্যানগাড়িতে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযান চালিয়ে লুটপাটে জড়িত তিনজনকে মালামালসহ হাতেনাতে আটক করা হয় এবং তাদের হাতকড়া পরানো হয়।
পুলিশ আটক ব্যক্তিদের মালামাল উদ্ধার করে পুনরায় বাড়িতে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলাকালে আটককৃতদের সহযোগীরা সংঘবদ্ধভাবে সেখানে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংখ্যায় বেশি থাকায় তারা পুলিশের ওপর চড়াও হয়ে জোরপূর্বক তিন আসামিকে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে এ সময় পুলিশের কোনো সদস্য আহত হননি।
ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে ডেভিট ও রাসেল নামে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আটক ব্যক্তিরা নিজেদের “আজাদের লোক” বলে দাবি করছে। তারা দাবি করে, মালামাল সরানোর জন্য তাদের সেখানে শ্রমিক হিসেবে পাঠানো হয়েছিল।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁদাবাজি ও লুটপাটের সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছিল। পরে মালামাল হস্তান্তরের সময় তাদের সহযোগীরা অতর্কিত হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেয়। ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে একাধিক টিম নিয়ে চিরুনি অভিযান চলছে।
উল্লেখ্য, এর মাত্র একদিন আগে (৫ মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে, যাতে তিনজন সদস্য গুরুতর আহত হন। ২৪ ঘণ্টার ব্যবধানে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাশেম বাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১২৩ বার পড়া হয়েছে