সিলেট নগরীতে ৭,৫০০ কোটি টাকার মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শনিবার, ২ মে, ২০২৬ ৭:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেট নগরীর সৌন্দর্যবর্ধন, বন্যা প্রতিরোধ ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ৭ হাজার ৫০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ মে) বেলা ১১টার দিকে সুরমা নদীর তীরবর্তী চাঁদনীঘাট এলাকায় প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকালে তিনি ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে এবং নগরবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতার ভোগান্তি অনেকটাই কমে আসবে।
ভৌগোলিকভাবে টিলা ও নদীবেষ্টিত সিলেট নগরীর ভেতর দিয়ে প্রবাহিত ১৩টি প্রাকৃতিক ছড়া সুরমা নদীতে গিয়ে মিশেছে। বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে এসব ছড়া দিয়ে নদীর পানি উল্টো নগরীতে প্রবেশ করে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি করে। মূলত ২০২২ থেকে ২০২৪ সালের ভয়াবহ বন্যার অভিজ্ঞতা থেকেই এ প্রকল্পের প্রণয়ন করা হয়েছে।
প্রকল্পের আওতায় নগরীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে—কাজীরবাজারের বৈঠাখাল, ছড়ারপাড়ের গোয়ালীছড়া এবং বোরহানউদ্দিন এলাকার হলদিছড়ায় আধুনিক স্লুইসগেট ও উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প স্থাপন করা হবে। এতে নদীর পানি নগরীতে প্রবেশ রোধের পাশাপাশি বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে।
এছাড়া শাহপরাণ সেতু থেকে বাদাঘাট সেতু পর্যন্ত সুরমা নদীর দুই তীরের প্রায় সাড়ে ১৭ কিলোমিটার এলাকা উঁচু করা হবে। যেখানে পাড় উঁচু করা সম্ভব নয়, সেখানে ফ্লাড ওয়াল বা বন্যা প্রতিরক্ষামূলক দেয়াল নির্মাণ করা হবে।
প্রকল্পের প্রথম ধাপে সরকার ৪ হাজার ৬৩৫ কোটি টাকা বরাদ্দ দেবে বলে জানা গেছে। সিসিক সূত্রে আরও জানানো হয়, প্রকল্পটি বিদেশি সহায়তায় বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
প্রকল্প উদ্বোধনের আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। একই দিনে দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে তার। এরপর বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
১২৩ বার পড়া হয়েছে