মানিকগঞ্জে কালেরকন্ঠের প্রতিনিধির বাড়িতে হামলা’র প্রতিবাদে মানববন্ধন
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ ১২:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকায় কালের কণ্ঠের প্রতিনিধির বাড়িতে হামলার ঘটনায় সাংবাদিক সমাজ, সুশীল সমাজ ও স্থানীয়রা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
একই সঙ্গে হামলার ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী আল-আমীনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আরিচা–জাফরগঞ্জ সড়কে স্থানীয়দের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা এলাকায় মাদক ব্যবসা বন্ধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপের দাবি জানান।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে সাংবাদিক মারুফ হোসেনের বাড়িতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে অভিযুক্ত মাদক ব্যবসায়ী আল-আমীনকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ) সভাপতি বিএম খোরশেদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন এক যৌথ বিবৃতিতে বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। এটি পুরো সাংবাদিক সমাজকে ভয়ভীতি প্রদর্শনের অপচেষ্টা।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাংবাদিকের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। অবিলম্বে হামলায় জড়িত আল-আমীনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।
একই দিন হামলার প্রতিবাদে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পুলিশ সুপার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা যায়।
মানববন্ধনে তেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, এলাকায় কবরস্থানসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। কালের কণ্ঠের সাংবাদিক ফেসবুকে মাদকের বিরুদ্ধে সচেতনতা পোস্ট দেওয়ায় তার বাড়িতে হামলা চালানো হয়েছে। তিনি অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেন।
এছাড়া বক্তব্য দেন তেওতা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুরুজ, বিএনপি নেতা সফি বিশ্বাস, শাহিনুর রহমান শাহিন, স্থানীয় মসজিদের ইমাম হায়দার মুন্সী এবং ৫নং ওয়ার্ড সদস্য দেলোয়ার মেম্বারসহ অনেকে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন।” তিনি আরও জানান, সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত আল-আমীনকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, শিবালয়ের তেওতা এলাকায় মাদক কারবারিদের তৎপরতা বেড়ে যাওয়ায় শিক্ষার্থীরা ঝুঁকিতে পড়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক পোস্ট দেন সাংবাদিক মারুফ হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে মাদক কারবারি আল-আমীন তার বাড়িতে হামলা চালায় এবং প্রধান ফটক ভাঙচুর করে ভেতরে প্রবেশের চেষ্টা করে। স্থানীয়রা টের পেলে হামলাকারী পালিয়ে যায়।
১০৫ বার পড়া হয়েছে