চট্টগ্রামে নৌবাহিনী মেডিকেল কলেজের উদ্বোধন, স্বাস্থ্যখাতে নতুন দিগন্তের সূচনা
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় বানৌজা ঈসা খান সংলগ্ন নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে আধুনিক চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে প্রতিষ্ঠিত এ মেডিকেল কলেজ দেশের স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। দক্ষ, নৈতিক ও পেশাদার চিকিৎসক তৈরির মাধ্যমে এটি সশস্ত্র বাহিনীর চিকিৎসা সক্ষমতা বাড়াবে এবং একই সঙ্গে সাধারণ জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো এমন দক্ষ চিকিৎসক তৈরি করা, যারা সমাজের সব স্তরে এবং যেকোনো পরিস্থিতিতে কার্যকর চিকিৎসা সেবা প্রদান করতে সক্ষম হবে। পাশাপাশি দুর্যোগকালীন চিকিৎসা এবং সংক্রামক রোগ ব্যবস্থাপনায় গবেষণা ও বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হবে। এর মাধ্যমে স্বাস্থ্যখাতে স্বনির্ভরতা অর্জন এবং উপকূলীয় দুর্যোগপ্রবণ অঞ্চলে দক্ষ জনবল গড়ে তোলা সম্ভব হবে।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, কলেজটিতে আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত শ্রেণিকক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। চিকিৎসা বিজ্ঞানের দক্ষ শিক্ষক ও প্রশিক্ষিত জনবল দিয়ে একাডেমিক কার্যক্রম চালানোর সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নৌবাহিনীর সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সমন্বয়ে পরিচালিত এই প্রতিষ্ঠান দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তর ও চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অতিথিবৃন্দ, চিকিৎসা ও শিক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রামের উপকূলীয় এলাকায় অবস্থিত এই আধুনিক মেডিকেল কলেজটি বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের নীতিমালা ও মানদণ্ড অনুসরণ করে ইতোমধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। উদ্বোধনের মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষে ৫০ জন বেসামরিক শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ বছর মেয়াদি চিকিৎসা শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু হলো।
১২০ বার পড়া হয়েছে