নান্দাইলে গণধর্ষণ: ঢাকার বসুন্ধরা থেকে অটোরিকশাচালক গ্রেপ্তার
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১১:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের নান্দাইলে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় মো. মোল্লা মিয়া (২৮) নামের এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, গত ১৯ এপ্রিল রাতে ভুক্তভোগী নারী তার তিন বছর বয়সী শিশুসন্তানকে সঙ্গে নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা থেকে শ্বশুরবাড়ি ময়মনসিংহের ভালুকায় যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি ভুল করে নান্দাইল এলাকায় নেমে পড়েন। গভীর রাত হওয়ায় গন্তব্যে যাওয়ার কোনো উপায় না পেয়ে সন্তানসহ রাস্তায় অসহায় অবস্থায় দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় অজ্ঞাতনামা ৪-৫ জন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়।
পরে নান্দাইলের গাঙ্গাইল ইউনিয়নের একটি নির্জন হাওর এলাকায় নিয়ে ওই দুর্বৃত্তরা রাতভর তাকে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ওই নারী উদ্ধার হয়ে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আল-আমিন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।
জানা যায়, ঘটনার পরপরই আসামিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন ময়মনসিংহের পুলিশ সুপার। এর পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে অভিযুক্ত অটোরিকশাচালক মোল্লা মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
১৫১ বার পড়া হয়েছে