মোংলা বন্দরে দুর্যোগপূর্ণ আবহাওয়া: বাণিজ্য ও জনজীবনে চরম বিপর্যয়
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বৈশাখের মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্দরসহ সুন্দরবন উপকূলীয় এলাকায় বিরূপ আবহাওয়া বিরাজ করছে।
গত দুই দিন ধরে টানা মাঝারি ও ভারী বৃষ্টিতে পুরো উপকূলীয় জনপদে স্থবিরতা নেমে এসেছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় সাগর ও পশুর নদী উত্তাল হয়ে উঠেছে, ফলে মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অবিরাম বৃষ্টির কারণে বন্দরের হাড়বাড়িয়া ও ফেয়ারওয়ে এলাকায় অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলো থেকে পণ্য খালাস ও পরিবহনের কাজ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে সার, কয়লা ও সিমেন্ট ক্লিংকারবাহী জাহাজের কার্যক্রমে বিঘ্ন ঘটছে এবং অনেক ক্ষেত্রে সার ও খাদ্যবাহী জাহাজের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে। পণ্য ভিজে যাওয়ার আশঙ্কায় কার্গো ও লাইটার জাহাজে লোডিং-আনলোডিং কাজও থমকে গেছে।
সুন্দরবন সংলগ্ন দুবলার চর, কানাইনগর ও জয়মনি এলাকার জেলেরা জানিয়েছেন, উত্তাল সাগর ও ভারী বৃষ্টির কারণে তারা নদীতে মাছ ধরতে যেতে পারছেন না। একইভাবে বননির্ভর জীবিকা—গোলপাতা আহরণকারী বাওয়ালি ও মৌয়ালদের কাজও পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।
এদিকে টানা বৃষ্টিতে মোংলা পৌর শহরের নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সড়কে পানি জমে থাকায় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে বের হতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
টানা বৃষ্টি অব্যাহত থাকলে উপকূলের চিংড়ি ঘেরগুলো পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন মৎস্যচাষিরা। পাশাপাশি সুন্দরবন সংলগ্ন বেড়িবাঁধগুলোর স্থায়িত্ব নিয়েও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পশুর নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়ে যাওয়ায় চরাঞ্চলগুলো প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
উপজেলা প্রশাসন ও মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
২৫১ বার পড়া হয়েছে