গোপালগঞ্জে নারী প্রার্থী সুবর্ণা শিকদারের হলফনামা ও সম্পদের বিবরণ প্রকাশ
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ২:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন পাওয়া সুবর্ণা শিকদার নির্বাচন কমিশনে তাঁর হলফনামা জমা দিয়েছেন। হলফনামায় তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছে ৮ লাখ ২১ হাজার ৬০ টাকা।
হলফনামা অনুযায়ী তাঁর আয়ের উৎসের মধ্যে রয়েছে শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র, শিক্ষকতা পেশা এবং ঠাকুরবাড়ির ভক্তদের প্রণামি ও অন্যান্য খাত। এর মধ্যে শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে বার্ষিক আয় ৫৭ হাজার ৬০০ টাকা, শিক্ষকতা পেশা থেকে ৫ লাখ ৩ হাজার ৪৬০ টাকা এবং ওড়াকান্দি ঠাকুরবাড়ির ভক্তদের প্রণামি থেকে ২ লাখ ৬০ হাজার টাকা আয় দেখানো হয়েছে। স্নাতক ডিগ্রিধারী সুবর্ণা শিকদারের পেশা শিক্ষকতা।
হলফনামায় তাঁর অস্থাবর সম্পদের মধ্যে নগদ ১২ লাখ ৫৩ হাজার ৫০৭ টাকা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পাঁচটি ব্যাংক হিসাবে জমা রয়েছে ৩০ লাখ ৫২ হাজার ১ টাকা। বিনিয়োগ বাবদ দেখানো হয়েছে ৫ লাখ টাকা। এছাড়া তাঁর কাছে ৩৫ ভরি সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরে তৈরি গয়না রয়েছে। সব মিলিয়ে অস্থাবর সম্পদের অর্জনকালীন মোট মূল্য ৪৮ লাখ ৫ হাজার ৫০৮ টাকা এবং বর্তমান আনুমানিক মূল্য ৫৯ লাখ ৪২ হাজার ৫০৯ টাকা।
স্থাবর সম্পদের মধ্যে তাঁর নামে রয়েছে ৫২ শতাংশ এবং ২ কাঠা জমি। এসব জমির অর্জনকালীন মোট মূল্য ৭ লাখ ৮৬ হাজার টাকা এবং বর্তমান আনুমানিক মূল্য ১৮ লাখ ৫২ হাজার ৬০৫ টাকা।
সর্বশেষ ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্নে তাঁর বার্ষিক আয় ৭ লাখ ৬৩ হাজার ৫২৫ টাকা দেখানো হয়েছে। একই সঙ্গে মোট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৩৯ লাখ ১৫ হাজার ৯৯২ টাকা।
হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত সুবর্ণা শিকদারের স্বামী পদ্মনাভ ঠাকুরের পেশা ধর্ম প্রচার। তাঁর নামে পৈতৃকসূত্রে বসতবাড়িসহ ৬ বিঘা জমি (এজমালি) এবং একটি দোতলা আবাসিক ভবনের তথ্য রয়েছে।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল সোমবার বিএনপি সংরক্ষিত নারী আসনে ৩৬ জন নারীকে মনোনয়ন দেয়। এর মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানীর শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ির সদস্য সুবর্ণা ঠাকুর বিএনপির সংরক্ষিত সদস্য হিসেবে মনোনয়ন পান। তিনি মতুয়া সম্প্রদায়ের একজন নারী এবং ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য ও পেশায় শিক্ষক।
তবে এ নিয়ে বিতর্কও তৈরি হয়। ২০২২ সালের ৩০ নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ২০২৩ সালের ১ জানুয়ারি কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত ওই তালিকার ২৭ নম্বরে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে সুবর্ণা ঠাকুরের নাম রয়েছে।
১২০ বার পড়া হয়েছে