খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসীদের হুমকি: গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ১:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন পর খুলনা প্রেসক্লাবের উৎসবমুখর পরিবেশে বহিরাগত সন্ত্রাসীদের মহড়া ও হুমকির ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে খুলনার সাংবাদিক সমাজ।
গত রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় একদল বহিরাগত সন্ত্রাসী প্রেসক্লাবে এসে সভাপতি প্রার্থীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় এবং সাধারণ সম্পাদক প্রার্থীকে লাঞ্ছিত করে।
এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৭ এপ্রিল) বেলা ১২টায় খুলনা প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খুলনার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ একাত্মতা প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, একটি রাজনৈতিক দলের চিহ্নিত ব্যক্তিরা প্রেসক্লাবে এসে সভাপতি প্রার্থী ও প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ারকে খোঁজাখুঁজি করে হুমকি দেয় এবং সাধারণ সম্পাদক প্রার্থী ‘সময়ের খবর’-এর সম্পাদক তারিকুল ইসলামকে লাঞ্ছিত ও গালিগালাজ করে। এর ফলে আসন্ন নির্বাচন হুমকির মুখে পড়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, ঘটনাটি পরিকল্পিত। পুলিশ ও গোয়েন্দা সংস্থার পক্ষে সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হলেও তা বিলম্বিত হচ্ছে। তারা স্থানীয় সাংবাদিক হুমায়ুন কবীর বালু, মানিক চন্দ্র সাহা, হারুনর রশিদ খোকন ও শেখ বেলাল উদ্দীনের হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং সাংবাদিকতায় তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা বলেন, যারা প্রেসক্লাবে অনধিকার প্রবেশ করে সাংবাদিকদের হুমকি ও হামলা চালিয়েছে, তাদের পাশাপাশি নেপথ্যের মূল হোতাদেরও খুঁজে বের করতে হবে। কারা তাদের প্রেসক্লাবে পাঠিয়েছে, তা জানতে চায় খুলনাবাসী।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক ও ইত্তেফাকের ব্যুরো প্রধান এনামুল হক। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এছাড়া বক্তব্য দেন রফিউল ইসলাম টুটুল, শেখ দিদারুল আলম, এস এম হাবিব, মোতাহার রহমান বাবু, মোস্তফা সরোয়ার, সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর যুগ্ম মহাসচিব এহতেশামুল হক শাওন, আশরাফুল ইসলাম নূর, হাসান আহমেদ মোল্লা, হাসান হিমালয়, বশির হোসেন, হেদায়েত হোসেন মোল্লা, মুহা. নুরুজ্জামান, কামরুল আহসান, মহেন্দ্রনাথ সেন, মাহাবুবুর রহমান মুন্না, বেলাল হোসেন সজল, আব্দুর রাজ্জাক রানা, সোহাগ দেওয়ান প্রমুখ।
মানববন্ধন চলাকালে প্রেসক্লাব সংলগ্ন সড়ক অবরোধ করা হয়। এ সময় বিএনপি নেতা সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, আসাদুজ্জামান মুরাদ, আরিফুজ্জামান অপু, শমসের আলী মিন্টু, জামাল মোড়ল, সরদার আবু তাহের এবং ইসলামী আন্দোলনের মো. নাসির উদ্দীনসহ অনেকে উপস্থিত ছিলেন।
১১৭ বার পড়া হয়েছে