শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে মানববন্ধন
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস)-এর সদস্যরা।
এ সময় তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান।
আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুর ২টায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে সঞ্চালনা করেন এশিয়া পোস্টের প্রতিনিধি ও গোবিপ্রবিসাসের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক সংবাদ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল হোসেন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও সাধারণ সম্পাদক নাঈম আশরাফ, কালবেলার প্রতিনিধি মাহমুদুল হাসান, দৈনিক বাংলার প্রতিনিধি শাকিল আহমেদ, দৈনিক সকালবেলা পত্রিকার প্রতিনিধি ইসতিয়াক আহমেদ আসিফ, শেয়ারবিজ পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আর রাফিসহ অনেকে।
মানববন্ধনে গোবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. নাঈম আশরাফ খান বলেন, গত ২৩ এপ্রিল শাহবাগ থানায় সংবাদ সংগ্রহের সময় ডুজার সদস্যদের ওপর ছাত্রদল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে তারা একত্রিত হয়েছেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, যারা সত্য তুলে ধরে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। কিন্তু সেই সত্য প্রকাশের দায়িত্ব পালন করতে গিয়েও যদি সাংবাদিকরা হামলার শিকার হন, তাহলে তা শুধু একজন সাংবাদিকের ওপর নয়, বরং পুরো গণতন্ত্রের ওপর আঘাত।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।
গোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক সংবাদ-এর প্রতিনিধি রাসেল হোসেন বলেন, গত বৃহস্পতিবার শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক সহকর্মী ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছাত্রদলের ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছেন।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতে কাজ করেছিলেন। তবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এমন হামলা শুধু দুঃখজনক নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।
১১৮ বার পড়া হয়েছে