নড়াইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিশুসন্তানসহ মায়ের আত্মহত্যা
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ১:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পারিবারিক কলহের জেরে নড়াইলে ট্রেনের নিচে কাটা পড়ে ২ বছরের শিশুসন্তানসহ পলি বেগম (২৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ১টার দিকে নড়াইল শহরের বরাশুলা এলাকার চিত্রা রেল সেতুর ওপর এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ট্রেনে কাটা পড়ে মা পলি বেগম ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় তাঁর শিশুসন্তান ফুরকান ভূঁইয়াকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। নিহত পলি বেগম নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মুলদাইড় পূর্ব পাড়ার নুর ইসলাম ভূঁইয়ার স্ত্রী।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, স্বামী নুর ইসলামের সঙ্গে পারিবারিক কলহের জেরে শনিবার সকালে পলি বেগম তাঁর শিশুসন্তানকে নিয়ে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে কমলাপুর-বরাশুলা এলাকার চিত্রা রেল সেতুর ওপর গিয়ে সন্তানসহ লাইনে দাঁড়িয়ে থাকেন তিনি। দুপুর পৌনে ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে পলি বেগম ট্রেনের নিচে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে যান।
এ সময় শিশু ফুরকান গুরুতর আহত হলে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, "ঘটনার প্রায় চার ঘণ্টা পর নিহত ওই নারী ও তাঁর শিশুসন্তানের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে, পারিবারিক কলহের কারণেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। এছাড়া ওই নারীর কিছুটা মানসিক সমস্যাও ছিল বলে জানা গেছে।"
তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১২০ বার পড়া হয়েছে