৫৫ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাসের খবর ভুয়া: আবহাওয়া
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৮:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উচ্চ তাপমাত্রা ও তাপপ্রবাহ মোকাবিলায় করণীয় সংক্রান্ত একটি ভুয়া বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এতে দাবি করা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এমন সতর্কতা জারি করা হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন কোনো পূর্বাভাস তারা দেয়নি এবং বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।
শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে তাদের কথা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও জানিয়েছে, তাদের নামে প্রচারিত বার্তাটি ভুয়া।
তিনি আরও বলেন, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল ডিফেন্স নামে ভারতে একটি সংস্থা থাকতে পারে। সম্ভবত রাজস্থান বা মরুভূমি অঞ্চলে তাপমাত্রা বেশি ওঠার কারণে সেখানকার কোনো তথ্য ভুলভাবে ছড়ানো হয়েছে। তবে বাংলাদেশে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছানোর বিষয়টি সম্পূর্ণ অযৌক্তিক।
তিনি জানান, বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ডকৃত তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৭২ সালে রেকর্ড করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে দেশে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ার কোনো সম্ভাবনা নেই।
এদিকে ফায়ার সার্ভিসও জানিয়েছে, উচ্চ তাপপ্রবাহ নিয়ে তাদের পক্ষ থেকে কোনো সতর্ক বার্তা জারি করা হয়নি। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল ডিফেন্সের বরাত দিয়ে যে বার্তাটি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া।
তিনি আরও জানান, ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি ও করণীয় বিষয়ে যে সতর্কতার কথা বলা হচ্ছে, সেটিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জারি করা হয়নি।
ফায়ার সার্ভিস সবাইকে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণের আহ্বান জানিয়েছে।
‘জরুরি বিজ্ঞপ্তি’ নামে ছড়িয়ে পড়া ভুয়া বার্তায় বলা হয়েছে, ‘আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোনো ব্যক্তি (খোলা আকাশের নিচে) বাইরে বের হবেন না। কারণ, আবহাওয়া অধিদপ্তর বলেছে যে, তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাই ঘরে কেউ যদি দম বন্ধ বোধ করেন তাহলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করুন। দরজা খুলে রাখুন, যাতে বাতাস চলাচলে সুবিধা হয়। মোবাইলের ব্যবহার কম করুন, মোবাইল ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এ ব্যাপারে সতর্ক থাকুন এবং মানুষকে জানান। যতটা সম্ভব ঠান্ডা পানীয়, যেমন দই, বাটার মিল্ক, আপেলের জুস ইত্যাদি ব্যবহার করুন।’
‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল ডিফেন্স নাগরিক এবং বাসিন্দাদের নিম্নলিখিত বিষয়ে সতর্ক করছে- ৪৭ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি এবং আগামী দিনগুলিতে কিউমুলাস মেঘের উপস্থিতির কারণে বেশিরভাগ এলাকায় শ্বাসরুদ্ধকর পরিবেশের জন্য কিছু সতর্কতা রয়েছে। নিম্নলিখিত দ্রব্যাদি গাড়ি থেকে সরানো উচিত-
১। গ্যাস সামগ্রী
২। লাইটার
৩। কার্বনেটেড বেভারেজ
৪। সাধারণ পারফিউম এবং অ্যাপ্লায়েন্স ব্যাটারি
৫। গাড়ির জানালা সামান্য খোলা থাকা উচিত (বাতাস চলাচলে জন্য)
৬। গাড়ির ফুয়েল ট্যাঙ্ক সম্পূর্ণভাবে ভরাট করবেন না
৭। সন্ধ্যায় গাড়িতে জ্বালানি নিন
৮। গাড়িতে ভ্রমণ করা এড়িয়ে চলুন, বিশেষ করে সকালের দিকে।’
ভুয়া বার্তায় আরও বলা হয়, ‘বিচ্ছু এবং সাপ থেকে সাবধান থাকুন, কারণ তারা তাদের গর্ত থেকে বেরিয়ে এসে শীতল জায়গার সন্ধানে পার্কে কিংবা বাড়িতে প্রবেশ করতে পারে। প্রচুর পানি এবং তরল পানীয় পান করুন, গ্যাস সিলিন্ডার রোদে না রাখা নিশ্চিত করুন, বিদ্যুতের মিটার ওভারলোড না করা নিশ্চিত করুন এবং এয়ার কন্ডিশনার শুধুমাত্র বাড়ির দখলকৃত জায়গায় ব্যবহার করুন, বিশেষ করে গরমের সময়। এবং দুই থেকে তিন ঘণ্টা পর পর ৩০ মিনিট বিশ্রাম দিন। বাইরে ৪৫°-৪৭° হলে বাড়িতে ২৪°-২৫°এ এসি রাখুন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। সূর্যালোকের সরাসরি সংস্পর্শে আসা এড়িয়ে চলুন, বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে।’
১২০ বার পড়া হয়েছে