চট্টগ্রামে ওয়াসার প্রকল্পে মাটি ধসে দুই শ্রমিক নিহত, আহত ২
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৬:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের হালিশহর থানার আওতাধীন আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় মাটি খননের সময় ভয়াবহ দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত রাতে একটি হাইড্রো কোম্পানির খননকাজ চলাকালে হঠাৎ মাটি ধসে চারজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে একজনের নাম রাকিব (পূর্ণ পরিচয় জানা যায়নি) এবং অপরজন তুষার, যিনি দিনাজপুর জেলার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহত শ্রমিক সাগর ও এরশাদকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
১৮৬ বার পড়া হয়েছে