মহিপুরে জেলেকে কুপিয়ে জখম: বিচার চেয়ে সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৮:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে এক জেলেকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জেলে মিজান হাওলাদারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার চাচাতো ভাই রাজিব হাওলাদার। তিনি অভিযোগ করেন, গত ১৪ এপ্রিল সকাল ১০টার দিকে মদ্যপানে বাধা দেওয়াকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটে। এতে সন্ত্রাসী আব্বাস গাজীর নেতৃত্বে ছিদ্দিক ও জাবেদ গাজীসহ ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাড়ির উঠানে থাকা মিজান হাওলাদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার বাবা শাহ আলম হাওলাদারকে বেধড়ক মারধর করা হলে তার হাত ভেঙে যায়। তাদের রক্ষা করতে এগিয়ে এলে মেশকাত, লিমন ও বসারসহ আরও কয়েকজন আহত হন। গুরুতর আহত মিজান হাওলাদার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, এটি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা ছিল। তারা আরও জানান, ঘটনার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
অভিযুক্ত আব্বাস গাজী অভিযোগ অস্বীকার করে বলেন, “এগুলো সম্পূর্ণ মিথ্যা।”
এ বিষয়ে মিজানের বাবা শাহ আলম হাওলাদার জানান, তিনি কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে পিবিআই-এর তদন্তাধীন রয়েছে।
১২১ বার পড়া হয়েছে