ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতায় দেশ পিছিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৭:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটাই পিছিয়ে পড়েছে।
তিনি দাবি করেন, বিগত সরকার রাষ্ট্রীয় কোষাগারে কোনো অর্থ রেখে যায়নি, যা বর্তমান সরকারকে শুরুতে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল।
সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দাপার্কে আয়োজিত দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্ব ও নির্দেশনায় সরকার সফলভাবে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করতে পেরেছে।
এসময় তিনি শিশুস্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের অনেক শিশু পুষ্টিহীনতায় ভুগছে। কেবল ওষুধ দিয়ে সুস্থতা নিশ্চিত করা সম্ভব নয়; সচেতনতারও প্রয়োজন রয়েছে। তিনি মায়েদের উদ্দেশে বলেন, শিশুদের জন্য সবচেয়ে কার্যকর ‘ওষুধ’ হলো মায়ের দুধ। নিয়মিত বুকের দুধ পান করালে শিশুরা বিভিন্ন রোগ থেকে সুরক্ষা পায়। তবে নানা কারণে অনেক মা শিশুকে বুকের দুধ খাওয়ান না বলে উল্লেখ করে তিনি এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে রূপগঞ্জের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর আবেদনের প্রেক্ষিতে মন্ত্রী আগামী বাজেটে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এম্মানিউলি এবরিউক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়ে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানুল ইসলাম, ফরিদ আল সোহানসহ অন্যান্যরা।
১২৬ বার পড়া হয়েছে