সর্বশেষ

সারাদেশ

সরকারি বরাদ্দের ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৩:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং সদর উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি নাসরিন আখতারের বিরুদ্ধে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, খেলার মাঠ ভরাট ও গোরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের জন্য বরাদ্দকৃত ৮ লাখ টাকা তিনি আত্মসাৎ করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা বাজারে এ অভিযোগে মানববন্ধন করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা জানান, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পের আওতায় ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে চার দফায় ঘুঘুডিমা ফুটবল মাঠের গর্ত ভরাট ও গোরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে ৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে অভিযোগ অনুযায়ী, এসব কাজ বাস্তবায়ন না করেই পুরো অর্থ আত্মসাৎ করা হয়েছে।

তাদের আরও অভিযোগ, মাঠ ভরাটের নামে বরাদ্দের মধ্যে অন্তত ৪ লাখ টাকার কাজ মাঠে দৃশ্যমান হয়নি। পাশাপাশি ক্ষমতার প্রভাব খাটিয়ে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন এলাকার কয়েকটি গাছ কেটে বিক্রি করার অভিযোগও তোলা হয়।

মানববন্ধন থেকে অভিযুক্ত নাসরিন আখতারের গ্রেফতার ও আত্মসাৎকৃত অর্থ সরকারি কোষাগারে ফেরতের দাবি জানানো হয়। একই সঙ্গে দ্রুত তদন্ত করে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন স্থানীয়রা।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন, আলতাফুর রহমান, নাসিম আলী, মো. বারকুল্লাহ, আরিফ হোসেনসহ অনেকে।

অভিযোগের বিষয়ে নাসরিন আখতার বলেন, একটি ক্লাব ঘরের নির্মাণ নিয়ে বিরোধের জেরে তাকে হেনস্তা করতে পুরোনো অভিযোগ সামনে আনা হচ্ছে এবং এতে তার সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন জানান, এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন