কুড়িগ্রামে মোবাইল ডিসপ্লে, তেল, মোটরসাইকেল ও মাদকসহ ২ জন আটক
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৭:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের সীমান্ত এলাকায় মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানি তেল, মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকালে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম-২২ বিজিবি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোবাইল ফোনের ডিসপ্লে, পেট্রল, অকটেন, ডিজেল, মোটরসাইকেল এবং মাদকদ্রব্যসহ দুইজন আসামিকে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫৬ লাখ ৮ হাজার ৫০০ টাকা।
আটককৃতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাংগা গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আনোয়ার হোসেন (২৯) এবং একই ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের মগোল হোসেনের পুত্র রিপন মিয়া (২৮)।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছে।
১৭৩ বার পড়া হয়েছে