গোপালগঞ্জে শতবর্ষী ঐতিহ্যে দশ সন্ন্যাস চড়ক ঘুল্লী, দর্শনার্থীদের ঢল
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৯:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ প্রতিনিধি: বাঙালির চিরায়ত লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী চড়ক পূজা উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার বড় ডোমরাশুর গ্রামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শত বছরের পুরোনো ‘দশ সন্ন্যাস চড়ক ঘুল্লী’। বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে পঞ্চপল্লী বড় ডোমরাশুর উচ্চ বিদ্যালয় মাঠে এই চড়ক ঘুল্লীর আয়োজন করা হয়। ঢাকের তালে তালে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ আয়োজনের মূল আকর্ষণ ছিল দশ সন্ন্যাসের অংশগ্রহণে চড়ক ঘুল্লী, যেখানে ৮ জন যুবক ও ২ জন নারী অংশ নেন। তাদের পিঠে লোহার বড়শি ফুটিয়ে গাছের উঁচু খুঁটির সঙ্গে বেঁধে আকাশে ঘুরানো হয় কয়েক দফা।
বিকাল থেকে গোধূলী পর্যন্ত চলা এ আয়োজন ঘিরে আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান। শিশু, নারীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মিলনমেলায় পরিণত হয়। চড়ক ঘুল্লীকে কেন্দ্র করে বসে গ্রামীণ মেলা, যেখানে ছিল নানা ধরনের খাবার, মিষ্টি, গহনা ও মাটির খেলনার দোকান।
দর্শনার্থী সুব্রত দাস বলেন, “চড়ক ঘুল্লী সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। আগে দুই বা চার জনের ঘুল্লী দেখেছি, কিন্তু দশ জনের এমন আয়োজন এবারই প্রথম দেখলাম।”
স্কুল শিক্ষার্থী তিথি বিশ্বাস জানায়, “প্রথমবার চড়ক ঘুল্লী দেখে খুব ভালো লেগেছে। এমন অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন।”
বয়োজ্যেষ্ঠ চৈতন্য বৈরাগী বলেন, “আগে ছোট পরিসরে চড়ক হতো, এখন বড় পরিসরে আয়োজন দেখে ভালো লাগছে। এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।”
আয়োজক উজ্জ্বল ভক্ত জানান, দেশ ও জাতির মঙ্গল কামনায় বহু বছর ধরে তারা এ চড়ক পূজা ও ঘুল্লীর আয়োজন করে আসছেন। তিনি বলেন, “এটি শুধু ধর্মীয় উৎসব নয়, বরং সব ধর্মের মানুষের মিলনমেলা। এর মাধ্যমে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়।”
১২৭ বার পড়া হয়েছে