সর্বশেষ

জাতীয়

স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী, ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জাঁকজমকপূর্ণ আয়োজনে স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বছর জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এই পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর মরণোত্তর পুরস্কার তাঁর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান গ্রহণ করেন।

স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশ গঠনে সামগ্রিক অবদানের জন্য খালেদা জিয়াকে এ সম্মাননা প্রদান করা হয়। তাঁর পাশাপাশি মরণোত্তর পুরস্কার পেয়েছেন মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল, সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী, সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ও মাহেরীন চৌধুরী, সংস্কৃতিতে বশির আহমেদ এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান।

অন্যদিকে, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সংস্কৃতিতে এ কে এম হানিফ (হানিফ সংকেত), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদারকে স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করা হয়।

এছাড়া পাঁচটি প্রতিষ্ঠানও এ বছর পুরস্কার পেয়েছে। এগুলো হলো—মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসা ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, জনসেবায় এসওএস শিশু পল্লী এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বর্ণপদক, পদকের প্রতিরূপ, তিন লাখ টাকা এবং সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান শুরুর আগে বিকেল ৩টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী মিলনায়তনে উপস্থিত হলে জাতীয় সংগীতের মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফিজ কারী হাবিবুর রহমান এবং পরে অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও পাঠ করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে প্রদান করা হয়ে আসছে এবং এটি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন