দুধে গোসল করে জুয়া ছাড়ার শপথ, জয়পুরহাটে যুবকের ব্যতিক্রমী উদ্যোগ
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন জাহিদুল ইসলাম নামের এক যুবক।
দীর্ঘদিন অনলাইনসহ বিভিন্ন ধরনের জুয়ার আসক্তিতে জীবনের সব সঞ্চয় হারিয়ে অবশেষে অনুতপ্ত হয়ে তিনি প্রকাশ্য দিবালোকে ২০ লিটার দুধ দিয়ে গোসল করে চিরতরে জুয়া ছাড়ার শপথ নিয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পাঁচবিবি উপজেলার মহীপুর সরকারি কলেজের সামনে এই ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল দীর্ঘদিন ধরে অনলাইনসহ নানা ধরনের জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। এতে করে ধীরে ধীরে তিনি তার জীবনের সবকিছু হারানোর মুখে পড়েন। একপর্যায়ে নিজের ভুলের ভয়াবহতা উপলব্ধি করে তিনি জুয়ার পথ থেকে সরে আসার দৃঢ় সিদ্ধান্ত নেন। অতীতের ভুল থেকে পরিশুদ্ধ হওয়ার প্রতীক হিসেবে তিনি দুধ দিয়ে গোসল করার এই ব্যতিক্রমী পন্থা বেছে নেন।
দুধ দিয়ে গোসলের পর উপস্থিত জনতার সামনে জাহিদুল ইসলাম অঙ্গীকার করে বলেন, “জুয়া আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আজ থেকে আমি সৎ পথে চলতে চাই। জীবনে আর কখনো কোনো ধরনের জুয়ার সঙ্গে নিজেকে জড়াবো না।”
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, “পুলিশের মূল লক্ষ্য অপরাধমুক্ত সমাজ গঠন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা। কোনো ব্যক্তি যদি নিজের ভুল বুঝতে পেরে সঠিক পথে ফিরে আসতে চান, তবে তাকে সবসময়ই স্বাগত জানানো হয়।”
১৪২ বার পড়া হয়েছে