একই পাম্প থেকে বারবার তেল নেয়ায় ৩ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জে একই ফিলিং স্টেশন থেকে বারবার জ্বালানি তেল নেওয়ার কৌশল করার অভিযোগে তিন মোটরসাইকেল আরোহীকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পৌর এলাকার পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তেলের অপচয় রোধ ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে একই গ্রাহকের বারবার তেল নেওয়ার ওপর বিধিনিষেধ থাকলেও কৌশলে একাধিকবার জ্বালানি সংগ্রহ করছিলেন ওই তিনজন। বিষয়টি নজরে এলে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া এলাকার খোরশেদ আলমের ছেলে আসাদুজ্জামান (২৫), জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর এলাকার হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান (২৮) এবং নয়াপাড়া এলাকার শুকুর আলীর ছেলে সুমন (২৫)। এর মধ্যে সুমনকে ৩ হাজার টাকা এবং বাকি দুইজনকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ইউএনও মুরাদ হোসেন জানান, সরকারি নির্দেশনা অমান্য করে কেউ তেলের বাজারে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ফিলিং স্টেশনগুলোতে এ ধরনের ঝটিকা অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৬ বার পড়া হয়েছে