কুরিয়ারে অভিনব কায়দায় গাঁজা পাচার: ২২ কেজি গাঁজাসহ যুবক আটক
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ১১:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কৌশলে গাঁজা পাচারের সময় ২২ কেজি গাঁজাসহ মিরাজুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে শহরের শান্তিমোড় এলাকায় অবস্থিত ‘এ জে আর’ কুরিয়ার সার্ভিসের জেলা কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মিরাজুল ইসলাম শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর এলাকার বাসিন্দা।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শান্তিমোড়ে ওই কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করে। এ সময় একটি বুকিং করা পার্সেলের ভেতরে থাকা চা পাতার বস্তার মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে মাদকগুলো অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানায় র্যাব।
র্যাব আরও জানায়, একটি সংঘবদ্ধ মাদকচক্র কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে মাদক ছড়িয়ে দিচ্ছে। আটক মিরাজুল ইসলাম ওই চক্রের একজন সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই চক্রের মূল হোতাদের শনাক্ত করতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি উদ্ধার করা আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
১৭৩ বার পড়া হয়েছে