নওগাঁর আত্রাইয়ে ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। তার শ্বশুর বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, আহত পুলিশ কনস্টেবল পিরোজপুর জেলায় পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়।
গতকাল রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে খুলনা থেকে আত্রাইয়ে শ্বশুর বাড়িতে আসছিলেন তিনি। আজ সোমবার সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়।
এসময় এমরান মিয়া লাফ দিয়ে নামতে গেলে চাকার নিচে পড়ে যান। এতে তার দুটি পা হাঁটু থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
ওসি আরও বলেন, অবস্থার অবনতি হলে পরে তার শ্বশুর বাড়ির লোকজনের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়।
তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১৮২ বার পড়া হয়েছে