ভাঙ্গায় ধর্ষণ মামলায় প্রতিবেশীকে যাবজ্জীবন কারাদণ্ড
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৭:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গায় এক তরুণীকে (২৮) ধর্ষণের দায়ে প্রতিবেশী জামান খালাসী (৫৩)কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার দুপুর ৩টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শামীমা পারভীন রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না, তাই তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। পরে আদালত জামান খালাসীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
জামান খালাসী ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের সদর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৬ সালে ভুক্তভোগীর বিয়ে হয় পাশের এক গ্রামে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে ফেরার পথে জামান খালাসী ও তার এক অজ্ঞাত সহযোগী তাকে জোরপূর্বক বাড়ির পাশে থাকা একটি কালাই ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
পরদিন, ২৫ ফেব্রুয়ারি, ভুক্তভোগী নারী শিশু নির্যাতন দমন আইনে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জামান খালাসীর পাশাপাশি এক অজ্ঞাত সহযোগীকেও আসামি করা হয়।
মামলাটি তদন্ত করেন ভাঙ্গা থানার তৎকালীন পরিদর্শক মো. মিরাজ হোসেন। ২০১৮ সালের ১৮ জুন মামলার তদন্ত শেষে তিনি জামান খালাসীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালতের পিপি গোলাম রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় আদালত এই সাজা প্রদান করেছেন। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
১৬৫ বার পড়া হয়েছে