সর্বশেষ

সারাদেশ

সময়মতো টিকা না দেওয়ায় হাম বৃদ্ধি: রামেকে ডা. রফিকুল ইসলাম

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়মতো টিকা প্রদান না করার কারণে দেশে শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে।

সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, "গত ৪ জানুয়ারি রোহিঙ্গা ক্যাম্পে প্রথম হাম শনাক্ত হয়। বিষয়টি সংশ্লিষ্টদের নজরে থাকলেও ভ্যাকসিন সংগ্রহে জটিলতার কারণে সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এর ফলে বর্তমানে হাম রোগের প্রাদুর্ভাব বেড়েছে।"

তিনি আরও জানান, "২০২৪ সাল পর্যন্ত একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে দেশে ভ্যাকসিন সংগ্রহ করা হলেও পরে অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যাকসিন ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি টিকাদান কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টদের প্রায় এক বছরের আন্দোলনের কারণে কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে সংক্রামক রোগের বিস্তার ঘটার ঝুঁকি বেড়েছে।"

ডা. রফিকুল ইসলাম সংশ্লিষ্টদের জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং এ ধরনের কর্মসূচি বিঘ্নিত না করার জন্য অনুরোধ করেন। তিনি হাম পরিস্থিতি নিয়ে নতুন করে গবেষণার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, "বর্তমানে ৯ মাস ও ১৫ মাস বয়সের শিশুদের টিকা দেওয়া হলেও চার মাস বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই সংক্রমণ কেন ঘটছে তা খতিয়ে দেখা জরুরি। প্রাথমিক পর্যায়ে গবেষণা করা হলে রোগ নিয়ন্ত্রণ ও নির্মূল করা সম্ভব হবে।"

সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "হাম অত্যন্ত সংক্রামক রোগ। একজন আক্রান্ত ব্যক্তি থেকে ১০ থেকে ১৫ জনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।"

রামেক হাসপাতালের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, হাসপাতালটিতে প্রায় ১,২০০ শয্যা থাকলেও বর্তমানে প্রায় ২,৯০০ রোগী চিকিৎসাধীন রয়েছেন, যা স্বাস্থ্যসেবায় অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। শিশুদের জন্য নির্ধারিত আইসিইউতেও সীমিত পরিসরে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে সেখানে ১২ জন শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে রোগ নিয়ন্ত্রণ করা গেলে আইসিইউর ওপর চাপও কমানো সম্ভব হবে।

এছাড়া হাসপাতালে শিশুদের সাম্প্রতিক মৃত্যুর ঘটনা তদন্তাধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হাসপাতালে এসে পরিস্থিতি পর্যালোচনা করছেন। প্রতিবেদনের পর হামের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ডা. রফিকুল ইসলাম হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন