জামালপুর সীমান্তে ভারতীয় মদ ও চোরাচালান পণ্যসহ আটক ২
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১১:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, কসমেটিকস ও অন্যান্য পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক হাসানুর রহমান, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় শুক্রবার (২৭ মার্চ) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবাজার বিওপি’র সদস্যরা সীমান্ত পিলার ১০৬৫-এর নিকটবর্তী ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৮২ বোতল ভারতীয় মদ ও ২টি মোবাইল ফোনসহ মো. মনিরুজ্জামান ও মো. শাহীন নামে দুইজনকে আটক করেন।
এছাড়া পৃথক অভিযানে পাথরেরচর এলাকা থেকে আরও ৮৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। একইসঙ্গে শৈলমারী এলাকা থেকে ৪৪০ পিস ভারতীয় কসমেটিকস এবং ১৪৪ পিস চকলেট বোম্ব উদ্ধার করা হয়েছে।
আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজিবি জানায়, সংস্থাটির মহাপরিচালকের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
৩৩৯ বার পড়া হয়েছে