পঞ্চগড়ে পেট্রোল-অকটেন সংকট, ভোগান্তিতে যানবাহন চালকরা
বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৯:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড় জেলায় তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে পেট্রোল ও অকটেনের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন এসব জ্বালানিচালিত যানবাহনের চালকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় মোট ২৯টি ফিলিং স্টেশনে ডিজেল পাওয়া গেলেও চাহিদা অনুযায়ী মিলছে না পেট্রোল ও অকটেন। ফলে যেসব ফিলিং স্টেশনে জ্বালানি তেলবাহী গাড়ি প্রবেশ করছে, সেগুলোতে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।
করতোয়া ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ডিপো কর্তৃপক্ষ চাহিদার তুলনায় পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করলেও অনেক গ্রাহক অতিরিক্ত তেল মজুদ করছেন। এর ফলে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে।
তবে গ্রাহকদের অভিযোগ ভিন্ন। তাদের দাবি, সরকার নির্ধারিত ২০০ টাকার পরিবর্তে অনেক ফিলিং স্টেশন ১০০ টাকার জ্বালানি সরবরাহ করছে। এতে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরে তেল সংগ্রহ করতে গিয়ে সময় নষ্ট হচ্ছে এবং দুর্ভোগ বাড়ছে।
জ্বালানি কিনতে আসা সবুজ আলী ও বাবলা হোসেন বলেন, “মাত্র ১০০ টাকার তেল নিতে গিয়ে একাধিক স্টেশনে ঘুরতে হচ্ছে। যদি আগের মতো চাহিদা অনুযায়ী সরবরাহ থাকত, তাহলে এত ভোগান্তি হতো না।”
তারা আরও অভিযোগ করেন, সংশ্লিষ্টদের অব্যবস্থাপনার কারণেই এ সংকট সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে এবং সময়ের অপচয় ঘটাচ্ছে।
১৬৫ বার পড়া হয়েছে