মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নৌপথের গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাটে জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন বিশেষ নিরাপত্তা কার্যক্রম চালাচ্ছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে মোংলা ফেরিঘাটে পরিচালিত তল্লাশি কার্যক্রমে কোস্ট গার্ড সদস্যরা সন্দেহজনক ব্যক্তি ও নৌযান তল্লাশি, যাত্রীদের ব্যাগ স্ক্যান, জনসচেতনতা মূলক মাইকিং এবং লিফলেট বিতরণসহ অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।
কোস্টার পশ্চিম জোন সদর দপ্তরের লেফটেন্যান্ট কমান্ডার এ এস এম ফাহাদুজ্জামান জানান, “অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, যৌথ ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে ঈদুল ফিতরের সময় যাত্রীদের নৌযাত্রা নিরাপদ রাখতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।”
তিনি আরও উল্লেখ করেন, মোংলা, শরণখোলা, খুলনার রুপসা, কয়রা, নলিয়ান এবং সাতক্ষীরা জেলার কৈখালী ঘাটগুলোতে কোস্ট গার্ডের বিশেষ টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। “দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে, এজন্য আমাদের প্রতিটি সদস্য সর্বদা তৎপর,” তিনি বলেন।
কোস্ট গার্ড জানিয়েছে, এই নিরাপত্তা কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা চলবে এবং ঈদ-উল-ফিতর পরেও যাত্রীদের নৌযাত্রা নিরাপদ রাখতে তা অব্যাহত থাকবে।
২২৬ বার পড়া হয়েছে