ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৪:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাই পৌরসভার বিজয়নগর এলাকায় তিতাস গ্যাস লাইনের চুলা থেকে বিস্ফোরণের ঘটনায় এক দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দগ্ধরা হলেন সুমনা বাদশা (৪৫) ও তার স্বামী বাদশা মিয়া (৫৫)।
মঙ্গলবার (১০ মার্চ) রাত প্রায় ১০টার দিকে ধামরাই পৌরসভার বিজয়নগর এলাকার একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা দগ্ধ দম্পতিকে উদ্ধার করে প্রথমে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সুমনা বাদশার শরীরের প্রায় ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং বাদশা মিয়ার শরীরের প্রায় ২০ শতাংশ দগ্ধ হয়েছে।
এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল আমিন জানান, খবর পাওয়ার সাত মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্যাসের রাইজার বন্ধ করে এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে ভবনের কিছু অংশের অবকাঠামোগত ক্ষতি হয়েছে।
২০২ বার পড়া হয়েছে