হরমুজ প্রণালি বন্ধের পরিকল্পনা নেই, তবে সতর্ক করল ইরান
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৭:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান।
দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র এ তথ্য দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বক্তব্য সম্প্রচার করা হয়েছে।
নাম প্রকাশ না করা ওই মুখপাত্র বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক কোনো জাহাজকে ইরান বাধা দেবে না। তবে নিরাপত্তার দায়ভার সংশ্লিষ্ট জাহাজকেই বহন করতে হবে।
তিনি আরও সতর্ক করে বলেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত কোনো জাহাজ যদি এই প্রণালি অতিক্রম করার চেষ্টা করে, তাহলে সেটিকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির দৈর্ঘ্য প্রায় ৩৯ কিলোমিটার (২৪ মাইল)। বৈশ্বিক জ্বালানি তেলের প্রায় এক-ষষ্ঠাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-তৃতীয়াংশ এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার কারণে বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিকে ঘিরে বর্তমানে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১১৬ বার পড়া হয়েছে