মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ১০:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী আন্ধারমানিক বাজারে বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় কমপক্ষে ২০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। ঘটনায় একজন ব্যক্তি দগ্ধ হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বাজারের বিল্টু দত্ত ও মিন্টু দত্তের ডিজেল ও পেট্রোলের দোকানে জ্বালানি ভর্তি করার সময় হঠাৎ আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন পাশের হোটেলের গ্যাস সিলিন্ডার এবং গ্যাস সিলিন্ডারের দোকানে ছড়িয়ে পড়ে। এর ফলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
দগ্ধ ব্যক্তির নাম মিন্টু দত্ত। স্থানীয়রা তাকে প্রথমে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী হোটেল মালিক সুজন সরকার বলেন, “হঠাৎ পাশের দোকানে আগুন লেগে বিকট শব্দে বিস্ফোরণ হয়। কিছু বুঝে ওঠার আগেই আমার দোকানসহ চারপাশের কয়েকটি দোকান আগুনে পুড়ে যায়।”
গ্যাস সিলিন্ডার বিক্রেতা ইমদাদুল জানান, “পেট্রোলের দোকান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের হরিরামপুর ও আরিচা স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, “ঘটনার খবর পেয়ে চারটি ইউনিট পাঠানো হয়েছিল। প্রায় দেড় ঘণ্টার চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে জানানো হবে।”
২৩০ বার পড়া হয়েছে