সর্বশেষ

সারাদেশ

রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করা ও জেলার বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নিতে রংপুরের ছয়টি আসন থেকে নবনির্বাচিত ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেছেন।

বুধবার (৪ মার্চ) দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

সভায় উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের জামায়াতের এমপি রায়হান সিরাজি, রংপুর-২ আসনের জামায়াতের এমপি এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৩ আসনের জামায়াতের এমপি মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৪ আসনের এনসিপির এমপি আখতার হোসেন, রংপুর-৫ আসনের জামায়াতের এমপি গোলাম রব্বানী এবং রংপুর-৬ আসনের জামায়াতের এমপি মাওলানা নুরুল আমিন।

মতবিনিময় সভায় সাংসদরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জনসম্পদ রপ্তানি, কর্মমুখী শিক্ষার সম্প্রসারণ, শ্যামাসুন্দরী খাল ও কেডি খালের উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে সম্প্রসারণের মাধ্যমে কৃষিকে এগিয়ে নেওয়া, কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ, সংরক্ষণাগার স্থাপন, কৃষিপণ্য রপ্তানি, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি, আইটি খাতের উন্নয়ন, পীরগঞ্জে কয়লা উত্তোলন, বিসিক ও অর্থনৈতিক অঞ্চল স্থাপন করে গ্যাস সরবরাহ চালুসহ রংপুরকে এগিয়ে নিতে নানা সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

তারা এসব বিষয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদের কাছে উপস্থাপনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে আবেদন জানানোর অনুরোধ করেন।

মতবিনিময়কালে রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, রংপুরের উন্নয়নের স্বার্থে ছয়জন সাংসদ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

এদিকে ঈদ উপলক্ষে রংপুর-ঢাকা রুটে বিশেষ ট্রেন চালুর দাবিও জানানো হয়েছে। রংপুর-৩ (সদর) আসনের সাংসদ ও জামায়াত নেতা মাহবুবুর রহমান বেলাল বিভাগীয় নগরী রংপুর থেকে ঈদকে সামনে রেখে বিশেষ ট্রেন সার্ভিস চালুর আবেদন করেন।

বুধবার দুপুরে তার এ আবেদন জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। আবেদনে তিনি উল্লেখ করেন, বিভাগীয় নগরী রংপুর থেকে দেশের বিভিন্ন জেলার লাখো মানুষ ঈদ উদযাপনের জন্য নিজ নিজ এলাকায় যাতায়াত করেন। কিন্তু বর্তমানে শুধু আন্তঃনগর ট্রেন রংপুর-ঢাকা রুটে চলাচল করে। সারা দেশে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ থাকলেও রংপুরকে এবারও বঞ্চিত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এর ফলে ঈদে বাড়ি ফেরা হাজারো পরিবারকে চরম দুর্ভোগ পোহাতে হবে উল্লেখ করে ঈদের আগে বিশেষ ট্রেন চালুর দাবি জানান তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আবেদনপত্রটি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

২৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন