ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৭:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির নতুন সুপ্রিম লিডার হিসেবে তার ছেলে মোজতবা হোসেইনি খামেনি-এর নাম সামনে এসেছে।
লন্ডনভিত্তিক ফার্সি ভাষার স্যাটেলাইট টেলিভিশন ইরান ইন্টারন্যাশনাল প্রথম এ তথ্য প্রকাশ করে। পরবর্তীতে ইসরায়েলি ও মার্কিন কয়েকটি সংবাদমাধ্যমেও একই ধরনের খবর প্রচারিত হয়।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে বেছে নিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতা নির্ধারণে দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ ধর্মীয় নেতারা মঙ্গলবার বৈঠকে বসেন। আলোচনায় সংশ্লিষ্ট তিনজন ইরানি কর্মকর্তার বরাতে পত্রিকাটি উল্লেখ করে, মোজতবা হোসেইনি খামেনি এ মুহূর্তে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন। এমনকি বুধবার সকালে তাকে আনুষ্ঠানিকভাবে উত্তরসূরি ঘোষণা করার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। তবে এ নিয়ে ধর্মীয় নেতাদের একটি অংশের আপত্তি রয়েছে। তাদের আশঙ্কা, তাকে দায়িত্ব দিলে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন।
সূত্রগুলো আরও জানায়, বিশেষজ্ঞ পরিষদ নামে পরিচিত এই ধর্মীয় নেতারা সকালে ও সন্ধ্যায় দুটি ভার্চুয়াল বৈঠক করেছেন।
এদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়-এর ইরান বিষয়ক বিশেষজ্ঞ ভালি নাসর বলেছেন, মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে বিবেচনা করা অনেকের কাছেই অপ্রত্যাশিত সিদ্ধান্ত।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ডস জানিয়েছে, খামেনিকে মাশহাদে দাফন করা হবে এবং তেহরানে বড় পরিসরে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে দাফনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
উল্লেখ্য, খামেনি কোনো মনোনীত উত্তরসূরি রেখে যাননি। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত আয়াতুল্লাহ আলিরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেইকে নিয়ে গঠিত তিন সদস্যের অন্তর্বর্তী পরিষদ দায়িত্ব পালন করে আসছিল।
১৩৪ বার পড়া হয়েছে