রাজশাহীতে পরিত্যক্ত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্লোগান, ভিডিও ভাইরাল
রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ-এর কয়েকজন নেতাকর্মী স্লোগান দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নগরের সিটিহাট এলাকায় অবস্থিত রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়টি ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর ও লুটপাটের শিকার হয়। দুর্বৃত্তরা ভবনের দরজা-জানালা ও ইট পর্যন্ত খুলে নিয়ে যাওয়ার পর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
স্থানীয় সূত্রের দাবি, শনিবার সকাল ৮টার দিকে ১২ থেকে ১৫ জন নেতাকর্মী কার্যালয়ের সামনে জড়ো হন। তাদের মধ্যে চারজন ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় দুজনের মুখে মাস্ক এবং একজনের মাথায় হেলমেট ছিল। আরেকজনকে খোলা মুখে দেখা যায়।
ভিডিওতে তাদের এএইচএম খায়রুজ্জামান লিটন, আসাদুজ্জামান আসাদ, আহসানুল হক মাসুদ এবং রাসিক দত্তর নামেও স্লোগান দিতে শোনা যায়। পরে তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানানোর চেষ্টা করেন।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলীয় কার্যালয়ে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ নেই। পুলিশ দেখতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হতো।
২২৯ বার পড়া হয়েছে