শরীয়তপুরে সহিংসতা: জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ
রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শরীয়তপুর-২ আসনে ভোট পরবর্তী সময়ে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, নির্বাচনে জামায়াতের পক্ষে কাজ করায় তাদের সরাসরি টার্গেট করা হচ্ছে। অভিযুক্ত পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জেলা শহরের চৌরাঙ্গী এলাকায় শনিবার বেলা ১২টায় জেলা জামায়াতের নেতারা সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন। জেলা জামায়াতের নায়েবে আমির কেএম মকবুল হোসেন বলেন, নির্বাচনের শুরু থেকেই বিএনপি নেতা-কর্মীরা জামায়াতের নেতাকর্মীদের ওপর সহিংস আচরণ শুরু করে। নির্বাচনে বিএনপি প্রার্থী শফিকুর রহমান কিরণ জয়লাভের পর জামায়াত প্রার্থী মাহমুদ হোসেন-এর সঙ্গে সহাবস্থানের আশ্বাস দেয়া হলেও তা বাস্তবে মানা হয়নি।
অভিযোগে বলা হয়েছে, নির্বাচনের পর আরশীনগর এলাকায় প্রথমে জামায়াত কর্মী ইব্রাহিম খলিল ও পরে মানিক বালার ওপর হামলা চালানো হয়। স্থানীয় যুবদল নেতা আফজাল বালা ও তার অনুসারীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ তোলা হয়েছে। মানিক বালা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার অফিসে বসা অবস্থায় আফজাল বালা ও তার লোকজন তার অফিসে হামলা চালায়, মারধর করে অফিসে আটকে রাখে এবং অগ্নিসংযোগের হুমকি দেয়।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, মৌখিকভাবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ না দেওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তিনি প্রশাসনের পক্ষ থেকে ভয়ভীতি প্রদানের অভিযোগ অস্বীকার করে বলেন, উভয় পক্ষকে নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয় মেটানোর পরামর্শ দেওয়া হয়েছে।
২৯০ বার পড়া হয়েছে