পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলার উদ্বোধন
রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ১:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে শুরু হয়েছে আটদিনব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা।
শনিবার বিকেল সাড়ে তিনটায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং বিপুলসংখ্যক বইপ্রেমী মানুষ। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় ২১টি স্টলে বিভিন্ন প্রকাশনী অংশ নিয়েছে। বইমেলাকে কেন্দ্র করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সদস্য ও পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ অন্যান্যরা বক্তব্য দেন।
বক্তারা মাতৃভাষার চর্চা ও ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির পঞ্চগড়ের গর্বিত সন্তান। ভাষার অধিকার রক্ষায় তারা জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রাম করেছেন। তাদের আত্মত্যাগ ও ভাষা আন্দোলনের ইতিহাস জানতে সকল বয়সী মানুষকে বেশি বেশি বই পড়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
১৯৮ বার পড়া হয়েছে