বেতাগী পৌরসভার উন্নয়নকাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব নাজমুল হুদা শামিম
রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরগুনার বেতাগী পৌরসভার চলমান বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এডিপি ও সিটিসিআরপি প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার এবং বাংলা লিংক টাওয়ার থেকে খাদ্য গুদাম সড়ক পর্যন্ত উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পৌরসভার বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণসহ একাধিক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনের আগে অতিরিক্ত সচিব বেতাগী পৌর কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান পৌর প্রশাসক ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দীন। পরে তিনি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় তিনি চলমান উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি নির্মাণকাজে সর্বোচ্চ মান বজায় রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে।
২২৭ বার পড়া হয়েছে