কলাপাড়ায় গরু চুরি করে জবাই: একাধিকজনকে মামলা; গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় গরু চুরি করে জবাই শেষে মাংস বিক্রি ও ভাগাভাগির অভিযোগে জাতীয়তাবাদী কৃষক দলের মিঠাগঞ্জ ইউনিয়ন সভাপতি মনসুর জমাদ্দারকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
একই ঘটনায় ১২ কেজি মাংস বিক্রির সময় আজিজুল বয়াতী নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে চরমোনাই পীরের অনুসারী ও উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মনসুর জমাদ্দারকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও আলআমিন, মো. লিটন ও মো. ইসমাইলকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি সকালে রফিকুল ইসলামের খোঁয়াড় থেকে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের চার বছর বয়সী একটি বকনা গরু চুরি করে নিয়ে যায় আসামিরা। পরে গ্রামসংলগ্ন নদীর পাড়ে নিয়ে গরুটি জবাই করা হয় এবং মাংস বিক্রি করে দেওয়া হয়। গরুর মাথা কাঁদার মধ্যে লুকিয়ে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী রফিকুল ইসলাম থানায় মামলা করেন।
কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জেল হোসেন জানান, চুরি করা গরু জবাই করে মাংস ভাগাভাগি করে নেওয়ার পর তা বিক্রির চেষ্টা করা হয়। মঙ্গলবার বিকেলে কলাপাড়ার মিলন কসাইয়ের কাছে ১২ কেজি মাংস বিক্রির সময় আজিজুল বয়াতীকে গ্রেফতার করা হয়। তার জবানবন্দি রেকর্ডের জন্য আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, বুধবার নদীতে ভাসমান অবস্থায় গরুটির মাথা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।
এ বিষয়ে কৃষকদল কলাপাড়া উপজেলা সভাপতি আব্দুস সালাম তালুকদার জানান, উপজেলা বিএনপির সভাপতির নির্দেশনায় মিঠাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সেক্রেটারিকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
২৩৭ বার পড়া হয়েছে