মাদারীপুর-১: পোস্টাল ভোটে হেরে গেলেন বিএনপি প্রার্থী নাদিরা আক্তার
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি’র নাদিরা আক্তার কেন্দ্রগুলোর গণনায় এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত পোস্টাল ভোটের ব্যবধানে হেরে গেছেন।
মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে ১১ দলীয় জোটের রিক্সা প্রতীকের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা বিজয়ী হয়েছেন।
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মোট ১০২টি ভোট কেন্দ্র ছিল। মোট ভোটার সংখ্যা ৩,২৪,২৮৯ জন। নির্বাচনে অংশগ্রহণ করেছেন ১,৮২,৭১০ জন ভোটার। ভোট বাতিল হয়েছে ৩,৭১৯টি।
১০২টি কেন্দ্রের ভোট গণনায় ১১ দলীয় জোটের প্রার্থী হানজালা পেয়েছিলেন ৬৩,৫১১ ভোট। নাদিরা আক্তার পেয়েছিলেন ৬৪,২৯১ ভোট, যা বিজয়ীর চেয়ে ৭৮০ ভোট বেশি। তবে পোস্টাল ভোটে হানজালা ১,৩৯৮ ভোট পান, আর নাদিরা মাত্র ২৩৩ ভোট পেয়ে ৩৮৫ ভোটের ব্যবধানে হার মেনে নেন।
উল্লেখ্য, বিএনপি’র ধানের শীষের প্রার্থীসহ দুইজন বিদ্রোহী প্রার্থী ছিল। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত প্রার্থী ছিলেন কামাল জামান মোল্লা। তার ভাই শিবচর উপজেলা আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি। তিনি ভাইকে সমর্থন দিয়ে প্রচারণা শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিবচরের সাবেক সংসদ সদস্য ও বিগত সরকারের চীপ হুইপ ও শেখ হাসিনার ফুফাতো ভাই নূর-ই আলম লিটন চৌধুরী আওয়ামী লীগ নেতা কর্মীদের বিএনপি’র প্রার্থী নাদিরা আক্তারকে সমর্থন দিয়ে ধানের শীষ প্রতীকের প্রচারণা ও ভোট দিতে নির্দেশ দেন। এতে পাল্টে যায় নির্বাচনের মাঠ।
জনসমর্থনে পিছিয়ে থাকা নাদিরা আক্তার স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লাকে পিছনে ফেলে নির্বাচনে প্রতিযোগীতায় উঠে আসে। অন্যদিকে ১১ জোট প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা জামায়াতের ভোট ব্যাংক এবং নিজের ও পরিবারের ঐতিহ্য থাকায় নির্বাচনে বিজয় ছিনিয়ে
আনতে সক্ষম হয়েছেন। সাইদ উদ্দিন আহমেদ হানজালা শিবচর উপজেলার বাহাদুরপুর পীর পরিবারের সন্তান ও ফরায়েজী আন্দোলনের প্রবর্তক ও প্রধান নেতা কিংবদন্তি হাজী শরীয়াতুল্লার বংশধর।
এদিকে মাদারীপুর-২ আসনে বিএনপি প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১,৭৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিল্টন বৈদ্য, যিনি ৬,৪৭৬ ভোট পেয়েছেন।
মাদারীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার ৯৬,১৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতের প্রার্থী, যিনি ৮৪,৬৪৬ ভোট পেয়েছেন।
৩৩৩ বার পড়া হয়েছে