সর্বশেষ

জাতীয়

শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রায় তিন সপ্তাহ ধরে চলা প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ রাখতে হবে।

গত ২২ জানুয়ারি থেকে সারাদেশে প্রার্থীরা প্রচারণা শুরু করেন। সেই ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে ৭টার পর থেকে কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা তাদের পক্ষে কেউই আর প্রচার কার্যক্রম চালাতে পারবেন না।

ইসি ঘোষিত ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর ১৮ ধারায় বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে প্রচারণা শুরু করতে পারবেন এবং ভোট শুরুর ৪৮ ঘণ্টা পূর্বে তা সমাপ্ত করতে বাধ্য থাকবেন।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নিয়ম অনুযায়ী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় সব ধরনের প্রচার কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলবে।

তবে সম্প্রতি জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলে ওই আসন বাদ দিয়ে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। সব মিলিয়ে প্রার্থী রয়েছেন ২ হাজার ৩৪ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন।

দলভিত্তিক প্রার্থীর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে বিএনপি। দলটির ধানের শীষ প্রতীক নিয়ে ২৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫৮ জন প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা হাতপাখা প্রতীক ব্যবহার করছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন ২২৯ জন প্রার্থী। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে রয়েছেন ১৯৮ জন প্রার্থী। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন।

নির্বাচনী প্রচারণা শেষ হওয়ায় এখন ভোটগ্রহণের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন