সর্বশেষ

সারাদেশ

নওগাঁর ছয় সংসদীয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৮ জনের

স্টাফ রিপোর্টার, নওগাঁ
স্টাফ রিপোর্টার, নওগাঁ

সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬ ৪:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই শেষে মোট ৪১ জন প্রার্থীর মধ্যে ৩৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ভোটার তালিকার এক শতাংশ স্বাক্ষরে ত্রুটি, ঋণখেলাপি থাকা ও তথ্য গোপনের অভিযোগে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম যাচাই শেষে প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ও অবৈধ ঘোষণা করেন।

নওগাঁ-১ আসন
নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৩ জনের বাতিল ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মাহবুবুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল হক শাহ, জাতীয় পার্টির আকবর আলী এবং স্বতন্ত্র প্রার্থী ডা. ছালেক চৌধুরী। বাতিল হওয়া প্রার্থীরা হলেন নুরুল ইসলাম, মাহমুদুস সালেহীন ও স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন।

নওগাঁ-২ আসন
পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনে জমা দেওয়া ছয়টি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির সামসুজ্জোহা খান, জামায়াতের এনামুল হক, খেলাফত মজলিসের হুমায়ন কবির চৌধুরী ও আব্দুর রহমান, ইসলামী আন্দোলনের দেলোয়ার হোসেন এবং এবি পার্টির মতিবুল ইসলাম।

নওগাঁ-৩ আসন
মহাদেবপুর ও বদলগাছী উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৩ আসনে ৮ জনের মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির ফজলে হুদা বাবুল, জামায়াতে ইসলামীর মাহফুজুর রহমান, জাতীয় পার্টির মাসুদ রানা, বাসদের কালিপদ সরকার, বিএনএফের আব্দুল্লাহ আল মামুন সৈকত এবং ইসলামী আন্দোলনের নাসির বিন আসগর। ভোটার স্বাক্ষরের ত্রুটির কারণে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ও সাদ্দাম হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

নওগাঁ-৪ আসন
মান্দা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৪ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ এবং ২ জনের বাতিল ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির ডা. ইকরামুল বারী টিপু, জামায়াতের খন্দকার আব্দুর রাকিব, জাতীয় পার্টির আলতাফ হোসেন, ইসলামী আন্দোলনের সোহরাব হোসেন এবং সিপিবির ডা. এস এম ফজলুর রহমান। ভোটার স্বাক্ষরের গড়মিল ও ঋণখেলাপির কারণে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। মামলার তথ্য সংক্রান্ত জটিলতায় একটি মনোনয়ন সাময়িকভাবে স্থগিত থাকলেও পরে তা বৈধ ঘোষণা করা হয়।

নওগাঁ-৫ আসন
নওগাঁ সদর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৫ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির জাহিদুল ইসলাম ধলু, জামায়াতের আ স ম সায়েম, সিপিবির শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের আব্দুর রহমান, এবি পার্টির কাজী আতিকুর রহমান ও জাতীয় পার্টির আনোয়ার হোসেন। তথ্যগত অসঙ্গতির কারণে নজমুল হক সনির মনোনয়নপত্র বাতিল করা হয়।

নওগাঁ-৬ আসন
রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসনে জমা দেওয়া পাঁচটি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির শেখ রেজাউল ইসলাম রেজু, জামায়াতের খবিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির আতিকুর রহমান রতন মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বাতিল হওয়া প্রার্থীরা চাইলে আগামী ৫ জানুয়ারি থেকে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে উপস্থিত প্রার্থী ও সমর্থকদের মধ্যে ভোটাধিকার ও গণতন্ত্র বিষয়ে সচেতনতা বৃদ্ধির নির্দেশনাও দেওয়া হয়।

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

২৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন