নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা নেই।
রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে একথা বলেন তিনি।
তিনি বলেন, 'আজকে দেখছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে নির্বাচনের সময় বিভিন্ন দলের বিক্ষোভ–মিছিল এবং সভা–সমিতির সংখ্যা বাড়তে পারে।'
উপদেষ্টা আরও বলেন, 'আমরা দায়িত্ব গ্রহণের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যে ছিল। গেল দেড় বছরের চেষ্টায় তা উন্নতির দিকে গেছে।'
একজন নিরাপত্তা বিশ্লেষকের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার প্রসঙ্গে তিনি বলেন, 'এটি একজন নিরাপত্তা বিশ্লেষকের মতামত। তবে তিনি কীভাবে বিশ্লেষক হয়েছেন, তা আমি জানি না। সব বিষয়ে এখন নানা ধরনের বিশ্লেষক আছে, কিন্তু যোগ্যতা কার আছে, তা আমার জানা নেই।'
ভূমিক্প পূর্বাভাস ও সতর্কতার বিষয়ে তিনি জানান, 'আমাদের দেশে ভূমিকম্প পূর্বাভাসের কোনো ব্যবস্থা নেই। তবে অন্য দেশে একটি অ্যাপ ব্যবহার করে কয়েক সেকেন্ড আগে সতর্কতা দেওয়া যায়। আমরা এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা নিয়ে চিন্তাভাবনা করছি।'
তিনি ভবন নির্মাণ ও ভূমিকম্প ঝুঁকি সম্পর্কে বলেন, 'জলাশয় ভরাট করে ভবন নির্মাণের ফলে ঝুঁকি বেশি থাকে। ভবিষ্যতে সবাইকে বিল্ডিং কোড মেনে চলার আহ্বান জানাচ্ছি।'
এক সাংবাদিককে মধ্যরাতে ডিবি কর্তৃপক্ষের কাছে নেওয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, 'সাংবাদিকদের মধ্যেও বিষয়টি আলোচনা হয়েছে। তিনি যে কাজটি করেছেন, তা সাংবাদিক হিসেবে নয়, অন্য ধরনের কাজ।'
৩৭৬ বার পড়া হয়েছে