চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা হবে আজ
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ ৭:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ব্যাংক আজ বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য মনিটারি পলিসি স্টেটমেন্ট (মুদ্রানীতি) ঘোষণা করবে।
গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন বলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।
এ সময়ে গভর্নর চলতি মুদ্রানীতির কার্যকারিতা নিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিশীলতা বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান, প্রধান অর্থনীতিবিদসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরেই উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করছে। চলতি বছরের জুনের শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি মাত্র ৬.৪ শতাংশে অবস্থান করছে, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৯.৮ শতাংশ। এই পরিস্থিতিতে ব্যাংক ঋণপ্রবাহের বর্তমান গতিবেগ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।
৪৭৭ বার পড়া হয়েছে