ভোলায় ১০০ বস্তা সরকারি চালসহ নসিমন চালক আটক
বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ৩:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
ভোলা জেলার দৌলতখান উপজেলায় এক নসিমন চালককে ১০০ বস্তা সরকারি চালসহ আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ জুন) রাতে উপজেলার বাংলাবাজার এলাকার ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়।
আটক ব্যক্তির নাম হৃদয়, যার বাড়ি ভোলা পৌর এলাকার চরনোয়াবাদে। পুলিশ জানিয়েছে, সরকারি চালগুলো অন্য বস্তায় ভরে চোরাইপথে দৌলতখান থেকে ভোলার অন্যত্র সরানো হচ্ছিল।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে ওই চালককে আটক করে। তার ব্যবহৃত নসিমনটি থেকে ১০০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।"
ওসি আরও জানান, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক স্বীকার করেছে, চালগুলো সরকারি এবং বস্তাগুলো পরিবর্তন করে পাচারের চেষ্টা চলছিল। তবে এই চালের প্রকৃত মালিক কে—তা এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, সরকারি খাদ্য সহায়তা বা অন্য কোনো প্রকল্পের চাল অবৈধভাবে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
৩৩৯ বার পড়া হয়েছে